আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সন্তান নিয়ে অধিবেশনে যাওয়ায় তুলকালাম

সন্তান নিয়ে অধিবেশনে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন জাপানের কুমামোতো মিউনিসিপ্যালের সদস্য ইউকা ওগাতা। বিবিসি
জাপানের কুমামোতো মিউনিসিপ্যালের সদস্য ইউকা ওগাতা। নগরের বাসিন্দাদের দেখভালের পাশাপাশি এই রাজনীতিককে নিজের সন্তানের দেখভালও করতে হয়। এই দুই দায়িত্বে তাল মেলাতে গিয়ে টালমাটাল অবস্থা তাঁর। নিরুপায় হয়ে তিনি সন্তানকে নিয়ে কাউন্সিলের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু এ নিয়ে তোপের মুখে পড়তে হয় তাঁকে। শুরু হয় বিতর্ক।
কুমামোতো মিউনিসিপ্যাল অ্যাসেম্বলির কর্মকর্তাদের দাবি, অধিবেশন কক্ষে কোনো ধরনের দর্শনার্থী ও পর্যবেক্ষকের প্রবেশ নিষিদ্ধ। এই রাজনীতিবিদ নিজের সন্তানকে নিয়ে অধিবেশন কক্ষে ঢুকতে চেয়ে নিয়ম ভঙ্গ করেছেন।
তবে ইউকা ওগাতা বলেছেন, ‘একই সঙ্গে কাজ ও সন্তান পালন করা যে নারীর জন্য কতটা কঠিন, তা আমি সবাইকে বোঝাতে চাই।’
এ নিয়ে তর্কা-তর্কির পর ইউকা ওগাতা সন্তানকে নিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে যান। তিনি চলে যাওয়ার ৪০ মিনিট পর অধিবেশন আবার শুরু হয়। সিদ্ধান্ত হয়, ইউকা ওগাতার বিষয়টি নিয়ে সদস্যরা আলোচনা করবেন। তাঁরা একটি উপায় বের করতে চান, যার মাধ্যমে কাউন্সিলর মায়েরা তাদের ছোট সন্তানদের নিয়ে অধিবেশনে যোগ দিতে পারেন।
কুমামোতো মিউনিসিপ্যাল অ্যাসেম্বলির স্পিকার ইউশিমোতো সাবাদা বলেন, ‘আমাদের এমন একটি কাঠামো তৈরি করতে হবে, যাতে নারী সদস্যরা তাঁদের সন্তানদের নিয়ে নির্দ্বিধায় অধিবেশনে আসতে পারেন, যুক্ত হতে পারেন নগরের বাসিন্দাদের কল্যাণে নেওয়া কর্মপরিকল্পনায়।’ তবে সেটা ডে-কেয়ার ব্যবস্থা করে হবে, নাকি অন্য কোনোভাবে করা হবে; সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
তবে রাজনীতিবিদ ইউকা ওগাতা চান সন্তানকে অধিবেশন কক্ষে নিজের কাছে রাখতে। ডে-কেয়ারে রাখলে সন্তানের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জাপানে বহু নারী বিয়ের পর সন্তান লালন-পালনের জন্য চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। নারী-পুরুষের ‘জেন্ডার গ্যাপ’ কমাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button