sliderস্থানিয়

সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ জন। আজ বুধবার সকালে শেরপুর-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রোকনুজ্জামান রোকন (৩১) ও গৃহবধূ মাহফুজা বেগম (১৯)। রোকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাকটর পদে কর্মরত ছিলেন। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গোপীনাথপুর গ্রামের তারা মিয়ার ছেলে। আর মাহফুজা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নীরব মিয়ার স্ত্রী।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্বরত ছিলেন রোকন। দায়িত্ব পালনের জন্য আজ বুধবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। একই অটোরিকশায় ছিলেন গৃহবধূ মাহফুজাসহ আহত আরও ৫ জন। জামালপুর ব্রিজ মোড় থেকে সকাল ১০টার দিকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয় অটোরিকশাটি। চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রোকন, গৃহবধূ মাহফুজা ও তার তিন মাস বয়সী ছেলে আব্দুর রহমান, শ্রীবরদী উপজেলার দয়ারচর গ্রামের শাহীন মিয়া (৩০), শহরের চকপাঠক এলাকার রায়হান মিয়া (৩০), সদরের গাজীর খামার এলাকার মোহাম্মদ আলী (২৮) ও জামালপুরের উপজেলার খইর এলাকার সুরাইয়া বেগমসহ (২২) সাতজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা হাসপাতালে পাঠান।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মাহফুজা মারা যান। আর রোকনসহ ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে হাসপাতাল ছাড়ার পর পরই মারা যান রোকন।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রোকনসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button