সখীপুরে আ.লীগ নেত্রীকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার অভিযোগে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১ মে) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকেই বৈশাখী মেলা চলছিল। এসএসসি পরীক্ষার শুরু হওয়ায় ২৯ এপ্রিল মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। পরে মেলা বন্ধ হওয়ায় স্টলের ব্যবহৃত বাঁশ শহীদ মিনারে রাখা হয়। সোমবার মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক নেতারা শহীদ মিনারে ফুল দিতে গেলে বিষয়টি সবার নজরে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা বলেন, উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে, আমি জানি না।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, শহীদ মিনারে মেলায় ব্যবহৃত বাঁশ রাখার অভিযোগে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




