সংসদ সদস্য ইসরাফিল আলম আর নেই

নওগাঁ প্রতিনিধি : বেশ কিছু দিন অসুস্থ থাকার পর মারা গেছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে ইসরাত সুলতানা ইমু।
তার মেয়ে জানান, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য ইস্রাফিল আলম। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ তারিখে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পরে ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিনে তাকে আবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ২৪ জুলাই রাত ১১ টায় অবস্থার অবনতি হলে ২৪ জুলাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একইসাথে নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন তিনি।




