বিনোদন

শ্রীদেবীকে স্মরণ : মা, তুমি রয়েছ আমার হাসির ভেতরে

গত বছরের ফেব্রুয়ারিতে কিংবদন্তি বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বেদনাদায়ক ও রহস্যময় মৃত্যু পুরো বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় কাপুর পরিবারকে। বর্ষীয়ান এই অভিনেত্রীর চলে যাওয়ায় অনুরাগীরা হয়ে পড়েন শোকাকুল।
গত বছর মোহিত মারওয়া ও অন্তরা মোতিয়ালের বিয়ের অনুষ্ঠানে শামিল হতে গিয়েছিলেন দুবাইয়ে। ২২ ফেব্রুয়ারি আনন্দঘন মুহূর্তের ছবিও পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই খবর আসে, শ্রীদেবী আর নেই। দুবাইয়ের একটি হোটেলে দুর্ভাগ্যজনকভাবে বাথটাবে ডুবে মৃত্যু হয় তাঁর। ২৮ ফেব্রুয়ারি এই অভিনেত্রীকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। হাজারো ভক্ত তাঁদের ‘চাঁদনিকে’ বিদায় জানান।
গত বছর ‘ধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক হয় বড় মেয়ে জাহ্নবী কাপুরের। এই ছবির জন্য জাহ্নবীকে প্রেরণা জুগিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু মুক্তির আগেই তাঁর করুণ মৃত্যু হয়। সেই বেদনা এখনো বহন করে চলেছেন জাহ্নবী। শোক কাটিয়ে উঠতে পারছেন না।
মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন জাহ্নবী কাপুর। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে মায়ের হাতে হাত রাখা একটি পুরোনো ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার হৃদয় সব সময় ভারাক্রান্ত হয়ে থাকবে। কিন্তু তাও সব সময় আমি হাসিখুশি থাকব। কারণ আমার হাসির মধ্যে তুমি রয়েছ।’
জাহ্নবীর বড় কাজিন অভিনেত্রী সোনম কাপুর ওই পোস্টের উত্তরে মন্তব্য-ঘরে লেখেন, ‘ভালোবাসি তোমাকে, মিষ্টি মেয়ে।’ নির্মাতা-প্রযোজক করণ জোহর লেখেন, ‘তোমাকে ভালোবাসা।’
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেছিলেন, ‘সত্যি বলছি, এখনো সেই শোকে আছি।’
গত ১৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূজার আয়োজন করা হয়। মাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর। চেন্নাইয়ে জাহ্নবী-খুশির মাতুলালয়ে আয়োজিত শ্রীদেবীর বর্ষী পূজায় প্রার্থনা করেন স্বামী বনি কাপুর, দেবর অভিনেতা অনিল কাপুরও। পরিবারের লোকজন ছাড়াও প্রয়াত এই অভিনেত্রীকে স্মরণ করেন বলিউড তারকারা।
শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে কাপুর পরিবারে আজ রয়েছে নানা আয়োজন। এ ছাড়া স্বামী বনি কাপুর করেছেন এক ভিন্নধর্মী আয়োজন। শ্রীদেবীর একটি শাড়ি নিলামে তুলেছেন তিনি। নিলাম উঠেছে এক লাখ ৩০ হাজার রুপি পর্যন্ত। এই অর্থ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত নারী ও শিশুর কল্যাণে। সূত্র : ডিএনএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button