শ্রাবন্তীর বাগদানের তারিখ চূড়ান্ত

কলকাতায় আগে থেকে পরিচিতি থাকলেও বাংলাদেশীদের কাছে শ্রাবন্তীর পরিচয় ঈদে মুক্তি প্রতীক্ষিত শিকারি ছবির কারণে। যৌথ প্রযোজনার এই ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। এই ছবির শুটিং চলাকালেই শ্রাবন্তীর প্রেমের খবর প্রকাশ হয়েছিল। সেই খবরের আনুষ্ঠানিক রূপ দেয়া হবে আগামী ৮ জুলাই। ওই দিন কলকাতার মডেলপ্রেমিক কৃষাণ ব্রজের সাথে তার বাগদান হবে।
কিছু দিন আগে ছবি প্রচারণার কাজে বাংলাদেশ ঘুরে এই নায়িকা ৩৬তম বঙ্গ সম্মেলনের অংশ নিতে গেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখান থেকে ফিরবেন ৬ জুলাই। তারপর ৮ জুলাই করবেন বাগদান। টাইমস অব ইন্ডিয়ার সাথে আলাপকালে শ্রাবন্তী খবরটি নিশ্চিত করেছেন। শ্রাবন্তী বলেন, ‘কৃষাণ আর আমার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দিন ধরেই। কিন্তু বিয়ের সিদ্ধান্তটা পারিবারিকভাবে হয়েছে। এখন যে বাগদানের প্রস্তুতি চলছে তার সব কিছুতেই অগ্রণী ভূমিকা পালন করছে আমার আর কৃষাণের পরিবার। ওইদিন সকালে বাড়িতে পূজা হবে। তখন বাবার দেয়া লাল শাড়ি পরব।’
আংটি বদলের পর বেড়াতে ইউরোপ যাবেন শ্রাবন্তী ও কৃষাণ। তবে বাগদানের পরপরই তারা পা রাখবেন বৈষ্ণ দেবীতে। সেখানেই তারা একে অপরকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। উপহার হিসেবে পরস্পরকে দেয়ার জন্য উভয়ে হীরের আংটি কিনেছেন। আর আগামী বছর তারা সাত পাঁকে বাঁধা পড়বেন।




