জাতীয়শিরোনাম

শোক-শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

শোক, শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে দলমত-নির্বিশেষে সবাই। ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ বেদি।
রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সোমবার ভোর থেকেই জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষেরা। সকাল ৭টা থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো।
করোনাভাইরাস প্রকোপের কারণে এবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সরাসরি শ্রদ্ধা জানাতে উপস্থিত হননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সকাল ৭টা ১০ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম উজ জামান। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় শহীদদের প্রতি সালাম জানায়।
এরপর শহীদ বেদিতে জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় মন্ত্রিসভার পক্ষ থেকেও।
পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একে একে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধে বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ঘটেছিল এক মর্মান্তিক হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে লিপ্ত হয়েছিল ঘৃণ্য ষড়যন্ত্রে। স্বাধীনতাকামী বাঙালি জাতি যেন মেধায়-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে।
প্রতি বছর বিজয় উৎসবের আগে এই দিনটিতে জাতি গভীর বেদনার সঙ্গে স্মরণ করে আসছে স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। জাতীয়ভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button