‘শোক দিবস’র চাঁদাবাজি ঠেকাতে ফোন নম্বর দিয়ে সাংসদের ঘোষণা

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও তার দলীয় অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে সেজন্য থানায় জিডি ও সরাসরি মোবাইল ফোনে অভিযোগ করতে ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো: আসলামুল হক আহবান জানিয়েছেন।
বিষয়টি সবাইকে জানাতে এই সাংসদ বিভিন্ন মার্কেট মালিক, গার্মেন্টস ও দোকান মালিকদের উদ্দেশ্যে নোটিশ আকারে এটি প্রেরণ করেছেন। আসলামুল হক জানান, ‘আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে কোন ব্যক্তি/সংগঠন আমার দলীয় পরিচয়ে(বাংলাদেশ আওয়ামী লীগ) দলের হয়ে আর্থিক সহযোগিতা(চাঁদা আদায়ের লক্ষ্যে অর্থ) চাইলে সঙ্গে সঙ্গে আমার মোবাইল নম্বরে(০১৮১৭০২৬৫৫১) বা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করা হল।’
সেই সঙ্গে তিনি কোন সংগঠন বা ব্যক্তিকে অর্থ প্রদান থেকে বিরত থাকারও অনুরোধ করেছেন। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সারাদেশে এই পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ আসলাম ভাই।’
উল্লেখ্য, প্রতিবছর বিভিন্ন দিবস উপলক্ষে অনুষ্ঠান উদযাপনে ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদা করা হয়েছে বলে অভিযোগ শুনতে হয় ক্ষমতাসীন সাংসদ, মন্ত্রীসহ কেন্দ্রীয় দলীয় নেতৃবৃন্দদের। সাংসদের নেয়া এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী শ্রেণীর মানুষ ও আওয়ামী লীগের সমর্থক-নেতৃবৃন্দ।




