
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির ৫ম এবং শেষ দিন আজ। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই সরগরম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহের চেয়ে জমা দিতেই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে নেতাকর্মীদের।
মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এ সময় কর্মী-সমর্থকরা স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখর নয়াপল্টন কার্যালয়।
দলীয় প্রতীক ধানের শীষ হাতে নিয়ে কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন জড়ো হওয়া নেতাকর্মীরা।
বুধবারের সংঘর্ষের পর বৃহস্পতিবার নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম ছিলো তবে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রাস্তাঘাট ফাঁকা এবং নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিপুলসংখ্যক নেতাকর্মীর জনসমাগমে নয়াপল্টন বা আশে পাশে কোথাও কোনো যানজটও দেখা দেয়নি। শান্তিপূর্ণভাবে চলছে মনোনয়ন ফরম কেনা ও জমাদান।
গত চার দিনে চার হাজার ১১২ জন নেতা দলের মনোনয়নপত্র কিনেছেন। প্রথম দিন এক হাজার ৩২৬, দ্বিতীয় দিন এক হাজার ৮৯৬ এবং তৃতীয় ও চতুর্থ দিন বৃহস্পতিবারসহ মোট বিক্রি হয়েছে চার হাজার ১১২টি আর গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জমা হয়েছে এক হাজার ২৫৫টি মনোনয়ন ফরম।
নয়া দিগন্ত




