
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভাতশালায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “যুবসমাজ দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, উদ্ভাবন এবং সততার মাধ্যমে তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।”
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, জেলা জমায়েতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান,এনসিপি’র সদস্য সচিব নুর ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।
এছাড়া তরুণ উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন মো.দেলোয়ার হোসেন এবং সানজিদা জেরিন। অনুষ্ঠান পরিচালনা করেন নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।




