শেখ হাসিনা সরকার নারী বান্ধব সরকার: মমতাজ বেগম

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর নারী উন্নয়নে কাজ করছেন। তাই শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে নারীরা আজ এগিয়ে গেছেন। শেখ হাসিনা সরকার নারী বান্ধব সরকার। শেখ হাসিনা নিজে নারী তাই নারীদের উন্নয়নে কাজ করছেন। এই নারী বান্ধব সরকারের সাথে আমাদের সকলকে থাকতে হবে। এই সরকারকে ক্ষমতায় আনতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। বুধবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। এই শিক্ষা বান্ধব সরকারের সাথে আমাদের সকলকে থাকতে হবে। শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এই সরকার স্কুল-কলেজ সরকারি করণ, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন,ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না, যেখানে একটি নতুন ভবন হয়নি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের এত উন্নয়ন সম্ভব হয়েছে।
জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম সাহার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মোঃ শাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক বজলুল রহমান, রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান উদ্দিন, অভিভাবক সদস্য বোরহান উদ্দিন ফকির, শাহানাজ পারভিন, আমিনুর ইসলাম খোকন, দেলোয়ার কবির টিপু, সেলিম মিয়া প্রমুখ।
সহকারী শিক্ষক শাহিনুর রহমান মামুনের সঞ্চালনায় এসময় প্রফেসর কুদ্দুসুর রহমান,সাবেক অভিভাবক সদস্য রিয়াজুল ইসলাম, দাতা সদস্য বাবু মনোরঞ্জন ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, কোষাধ্যক্ষ ওবায়দুল রহমান, ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।




