শেখ হাসিনা সরকারের অধিনেই এই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে–আমির হোসেন আমু

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : বিএনপি যে সমস্ত দেশের দূতাবাসে গিয়ে ধর্ণা দেয়, সেই সমস্ত দেশে যেভাবে
নির্বাচন হয় সেই নিয়ম মেনেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধিনেই এই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পেট্রোল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায় না। বিএনপি এখন ১২০ টাকা দিয়ে বাইরের লোক ভাড়া করে মহাসমাবেশ করছে। মহাসমাবেশ করে যদি কেউ মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপর পানির মতো একটি সংগঠন সেটা ভুল। তারা মানুষ হত্যা করে আন্দোলন করেছে আবার মনুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে আন্দোলন করতে চাইছে। সেটা কখনই সফল হবে না।
মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি আরো বলেন, বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে গণসমাবেশ করছে। টাকার বিনিময়ে তাদের বিভাগীয় সবগুলো সমাবেশে যে লোক হয়েছে, তার চেয়ে কয়েকগুন বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের সমাবেশে। সুতরাং আওয়ামী লীগের সমাবেশ হলে তো কথাই নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সে নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০৭টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আইসিটি বিভাগের সহযোগিতায় ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রতিদিন সকাল ৯ থেকে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা প্রদান করা হচ্ছে, তার বর্ণনা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



