শেখ হাসিনার দশ উদ্যোগ, শান্তিচুক্তির পূর্ণতা আর ভূমি নিষ্পত্তিই চাবিকাঠি-তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার দশ উদ্যোগ, শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন ও ভূমি সমস্যার নিষ্পত্তিকেই পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নের চাবিকাঠি।
তিনি শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত বিশেষ আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
তথ্যমন্ত্রী প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আবাদী জমির পরিমাণ কম বিধায় জনসংখ্যার বাড়তি চাপ দেয়ার সুযোগ নেই। বরং সেখানকার বনাঞ্চলের আধুনিক ব্যবস্থাপনা, উদ্যানতত্ত্বের প্রয়োগ, প্রাণিসম্পদ সংরক্ষণ ও পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তোলাই হবে মূল লক্ষ্য।’
‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন ও শান্তিচুক্তির আওতায় ৩৩ বিভাগ হস্তান্তরের উদ্যোগ নেয়া জরুরি’ বলেন হাসানুল হক ইনু।
পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জিন্নাত ইমতিয়াজ আলী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদারের স্বাগত ভাষণের পর সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক সেলিম সামাদ, উন্নয়ন গবেষক গোলাম রসুল প্রমুখ ।




