অর্থনৈতিক সংবাদশিরোনাম

শুক্রবার বন্ধ থাকবে বাণিজ্য মেলা

আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) বন্ধ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু। এ উপলক্ষে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেলার ইজারা পাওয়া প্রতিষ্ঠান মীর ব্রাদার্সের মালিক মীর শহিদুল বলেন, ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এতে আমাদের লোকসান হবে। কারণ ওই দিন শুক্রবার। আর শুক্রবারে বাণিজ্য মেলায় লোক সব থেকে বেশি থাকে। এবার বাণিজ্য মেলায় দর্শনার্থীর সংখ্যা বেশ কম। প্রতিদিন গড়ে ৪-৫ হাজার দর্শনার্থী আসছেন। এতে এবার ইজারা নিয়ে আমরা লোকসানের মুখে পড়তে যাচ্ছি।
এর আগে শেরেবাংলা নগরে শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা ১০ জানুয়ারি বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মেলা শুরুর দিন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সুপারিশের আলোকে গঠিত নিরাপত্তা উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেছিলেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button