শিল্পখাত গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠনের দাবি

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম শিল্পখাত গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন।
শুক্রবার দুপুরে বাজার বাসস্ট্যান্ডের মজিদপুর রোডে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রবীণ শ্রমিকনেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রায় ১৮ বছর যাবত শ্রমিকদের দাবি আদায়ে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন নেতৃত্ব দিয়ে আসছে, এতে আমাদের নেতৃবৃন্দকে হামলা মামলাসহ অনেক বাধা বিপত্তি পারি দিতে হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে উত্তাপ ছড়িয়েছে, শ্রমিকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে নতুন মজুরিবোর্ড গঠন করে সকল শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানাচ্ছি। যতদিন পর্যন্ত এই ন্যায্য দাবি আদায় না হবে আগামীতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।
এসময় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সুমাইয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, জাহাঙ্গীর মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।




