
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭৪ বোতল ভারতীয় ইস্কুফ মাদকসহ ইব্রাহিম আলী (৪৯) নামে এক মাদককারবারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। আটক ব্যক্তি উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালান। এ সময় ১১টি হলুদ ও মরিচ গুড়ার বস্তা থেকে ৭৪ বোতল ভারতীয় ইস্কুফ মাদকসহ ইব্রাহিমকে আটক করে। জব্দ করা হয় মসলাজাতীয় দ্রব্যাদি। অপরদিকে একই সময় শাহবাজপুরের পিরোজপুর এলাকার একটি আমবাগান থেকে ১০০ বোতল ভারতীয় ইস্কুফ মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।


