
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পক্ষ।
শুক্রবার দুপুরে পারদিলালপুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে মৃত সেকান্দার আলীর ছেলে মো. শামসুল হক বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সশস্ত্র হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তাদের সঙ্গে তাজকেরা বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এ অবস্থায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শামসুল হক আরও বলেন, তাদের বিরুদ্ধে ২০০ বস্তা সিমেন্ট লুটপাট, ককটেল বিস্ফোরণ ও আমগাছ কাটার যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তারা কখনো এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নন বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য অভিযুক্ত ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
এ সময় অভিযুক্ত পক্ষ গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ জানান, বিষয়টি যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করার জন্য।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।




