
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে পরকীয়ার ঘটনায় সালিশে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার রাতেও বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষ সালিশে বসেন। তবে দীর্ঘ আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সংঘর্ষে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাঃ হুমাশন কবির বলেন লসশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।দোষীদের আটকের চেষ্টা চলছে।



