sliderস্থানিয়

শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা বাজার প্রাঙ্গণে আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী পথসভায় জামায়াতের ৩০ জন কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -১ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। তিনি ফুলের মালা দিয়ে নবযোগদানকারী কর্মীদের বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন, বিএনপি সত্যিকার অর্থেই ইসলামপ্রিয় ও ইসলাম অনুরাগী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ্‌’ অন্তর্ভুক্ত করেছেন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা প্রতিষ্ঠা করেছেন। তিনি জামায়াত থেকে সদ্য যোগদানকারী ৩০ জন কর্মীকে অভিনন্দন জানান এবং দেশ গঠনে সবাইকে বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান।
এসময় তিনি যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আম ফসলের সার্বিক উন্নয়ন, মাদক থেকে যুবক ও শিক্ষার্থীদের দূরে রাখতে উপজেলাব্যাপী খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি এবং শিবগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।

ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক একে আসগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইউম সফেদ ডাক্তার ও সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ মিয়া।

এছাড়াও শিবগঞ্জ উপজেলা ও ধাইনগর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button