
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ২০২৪-২৫ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ হাজার ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদিসহ অন্যরা। পরে প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি রাসায়নিক সার দেয়া হয়। এছাড়া সোনামসজিদ, কিরণগঞ্জ ও মাসুদপুর বিজিবি ক্যাম্পে নারিকেল, তাল, আম, নিম, জাম, বেল ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।



