রাজনীতিশিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ছাত্রলীগ ক্যাডারদের হাতে জিম্মি : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রলীগের ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। আবরার ফাহাদের মতো নিরীহ, নিরপরাধ, দেশপ্রেমিক, মেধাবী ছাত্রকে হত্যার মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নেই।’
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এ দেশের ১৬ কোটি মানুষকে অন্ধকারে রেখে পার্শ্ববর্তী দেশের সাথে চুক্তি করার ঘটনায় প্রতিবাদ করার জন্য ফাহাদকে জীবন দিতে হয়েছে।’
সরকারের মদদেই ছাত্রলীগ সারা দেশে দানব হয়ে উঠেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘যত দিন এ সরকার ক্ষমতায় থাকবে তত দিনই মানুষকে আবরারের মতো পিষে মরতে হবে।’ এ সময় ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানান রিজভী।
রিজভী বলেন, ‘ইতিপূর্বে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি স্কুল শিক্ষার্থী এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রলীগের হামলা থেকে রেহাই পায়নি। ছাত্রলীগের খুন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রলীগের ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। ছাত্রলীগের অতীত ঐতিহ্যকে ম্লান করে দিয়ে এর ডাকনাম এখন হয়ে পড়েছে চাপাতিলীগ। ছাত্রলীগ নামক এই দানব জঙ্গিলীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ ফিরবে না। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা থাকবে না।’
রিজভী আরো বলেন, ‘আপনারা জানেন শহীদ আবরার ফাহাদ হত্যার ঘটনায় সোমবার রাতে চকবাজার থানায় যে মামলা হয়েছে সেখানে আসামি হিসেবে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। রহস্যজনকভাবে ১৯ জনের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম অভিযুক্তের নাম নেই। শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুম তথা টর্চার সেলটি কার? তাকে বাঁচাতে বুয়েট প্রশাসন উঠেপড়ে লেগেছে। নির্লজ্জ বুয়েট প্রশাসন এই হত্যাকাণ্ডকে সামান্য অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে বিবৃতি দিয়েছে। তারা খুনিদের আড়াল করতে সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ২০ মিনিটের ভিডিও এডিট করে মাত্র দেড় মিনিটের একটি ক্লিপ দিয়েছে আন্দোলনরত ছাত্রদের। আজ সারা দেশের সাধারণ ছাত্রসমাজ ফুঁসে উঠেছে। আবরারের খুনিদের বিচারের দাবিতে ছাত্রদের আন্দোলন এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের সাধারণ ছাত্রসমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান- এই মৃত্যূ উপত্যকাকে শান্তিময় করতে রাজপথে এখনই নেমে আসতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button