শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির ভেন্যু পুনর্বহালের দাবি হিরো আলমের

বগুড়া প্রতিনিধি : শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির ভেন্যু পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
তিনি বলেন, একটি চক্র দীর্ঘ দিন ধরে বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে। তারাই শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের নেপথ্যে ভূমিকা রেখেছে। এই চক্রটি চান্দু স্টেডিয়াম জুয়ার আখড়া বানাতে চায়। তারা স্টেডিয়ামে মেলা ও গরু-ছাগলের হাট বসাতে চায়।
মঙ্গলবার দুপুরে শহীদ চান্দু স্টেডিয়ামের মূল ফটকের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে অনেক তরুণ এসে যোগ দেয়।
তিনি গণমাধ্যমকে বলেন, বগুড়ায় দীর্ঘ ১৫ বছর কোনো উন্নয়ন আমরা দেখিনি। একটা আন্তর্জাতিক স্টেডিয়াম আর শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য ঐতিহ্য নেই আমাদের। ওই স্টেডিয়ামের সব মালামাল, লোকবল ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। হয়ত কোনো একদিন তারা (সরকার) মেডিক্যাল কলেজ হাসপাতালের আধুনিক যন্ত্রপাতিও সরিয়ে নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
হিরো আলম বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামের প্রতি বিসিবির এই অবিচার আমরা মানি না। অবিলম্বে চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক মর্যাদা ফিরিয়ে দিতে হবে। আবারো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে হবে।
মানববন্ধন শেষে হিরো আলম চান্দু স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেন। তিনি স্টেডিয়ামের করুণ চিত্র দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। সেখানে উপস্থিত জাতীয় দলের খেলোয়াড়, বোলার, বগুড়ার কৃতী সন্তান শফিউল ইসলাম সুহাসের সাথে কথা বলেন।
এ সময় শফিউল ইসলাম গণমাধ্যমের কাছে তার কষ্টের কথা জানিয়ে জটিলতা কটিয়ে আবারো শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বহাল রাখার জন্য বিসিবির প্রতি অনুরোধ জানান।
এদিকে শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির ভেন্যু পুর্নবহালের দাবিতে গ্রহণ করা গণস্বাক্ষর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছে বগুড়া জেলা প্রেস ক্লাব।
মঙ্গলবার জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে এই গণস্বাক্ষর সম্বলিত আবেদন হস্তান্তর করা হয়। এর আগে গত রোববার দুই দিনব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচির উদ্যোগ নেয় সংগঠনটি। গণস্বাক্ষর কর্মসূচিতে জেলার এক হাজার ২২৭ জন মানুষ অংশ নেন। তারা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন। আবেদন হস্তান্তরকালে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবীব তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামটি রক্ষা করা আমাদের দায়িত্ব। এই গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এছাড়া স্টেডিয়ামের ভেন্যু পুর্নবহালের জন্য মাননীয় মন্ত্রী ও বিসিবির সাথে আলোচনা চলছে। আমরা পুনরায় ভেন্যু ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।




