শহীদ ও মাতৃভাষা দিবসে ধামরাইয়ে প্রবীণদের মাঝে ভাতা দিল এসডিআই

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ধামরাইয়ের অসহায় শতাধিক প্রবীণের মাঝে নগদ ৬০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করা হয়েছে। সোমবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী, প্রবীণদের মাঝে ভাতা প্রদান, মাদকবিরোধী ক্রিকেট খেলা, কিশোর-কিশোরীদের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই। ধামরাইয়ের সুতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে এসডিআইয়ের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, এসডিআইয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সহকারী পরিচালক সোহেলিয়া নাজনীন হক, কো-অডিনেটর ইসমাইল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ কুমার দেবনাথ প্রমূখ।
এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ধামরাইয়ের অসহায় প্রবীণদের তালিকা করে তাদেরও আজীবন ৬০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করে আসছে এসডিআই। অসহায় মানুষের পাশে থেকে এসডিআই সবসময় কাজ করে যাবে বলেও জানান তিনি।




