শনিবার ঘিওর বণিক সমিতির নির্বাচন

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: শনিবার মানিকগঞ্জের ঘিওরে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন। আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। সময় আছে আর মাত্র ২ দিন। তাই একসময়ের দেশের দ্বিতীয় বৃহত্তর হাট ঘিওরে এখন সাজ সাজ রব আর নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। ২১টি পদে ৪৯ জন প্রার্থীদের পদচারণায় মুখরিত এখন ঘিওর বাজার। আদাজল খেয়ে নেমেছেন তারা প্রচারণায়। পোস্টার, লিফলেট আর প্রার্থীদের ছবি সম্বলিত ক্যালেন্ডারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। এছাড়াও মোবাইল ফোনে কল করে কিংবা ক্ষুদে বার্তায় ভোট প্রার্থনা ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। তাদের নিজ নিজ যোগ্যতা প্রমাণ করতে এবং ভবিষ্যতে ঘিওর হাট-বাজারের উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে।
নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদপ্রার্থী ৫ জন, সাধারণ সম্পাদক ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন, সাংগঠনিক পদে ৪ জন, কোষাধ্যক্ষ ২ জন, দফতর পদে ৩ জন, প্রচার সম্পাদক ২ জন, সমাজ কল্যাণে ৪ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে ২ জন, মিলাদ সম্পাদক ২ জন, পূজা সম্পাদক পদে ২ জন, সাধারণ সদস্য পদপ্রার্থী ১২ জন। এখানে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮শ ৫৮জন। ঘিওর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, সভাপতি পদে মোঃ আজগর আলী বেপারী(আনারস), আলহাজ্ব ইকরামুল ইসলাম খবীর(চেয়ার), মোঃ হামিদুর রহমান আলাই(গরুর গাড়ি). সহ-সভাপতি পদে এ.কে.এম ছারওয়ার কিরন খাঁন(দেয়াল ঘড়ি), রফিকুল ইসলাম তুহিন(বই), মোঃ রফিকুল ইসলাম(খেজুর গাছ), মোঃ সোলায়মান হোসেন(রিক্সা), মোঃ হাবিবুর রহমান দর্জি লাবলু(প্রজাপতি). সাধারণ সম্পাদক পদে শেখ জামাল উদ্দিন(সাইকেল), মৌলভী আঃ মতিন মুছা(ছাতা), মোঃ মহিদুর মিয়া(মাছ), মোঃ সামছুল আলম খান(হরিণ). যুগ্ম-সাধারণ সম্পাদক পদে খোন্দকার কামাল হোসেন(ট্রাক), আব্দুল রশিদ বেপারী(গোলাপ ফুল), মোঃ লিয়াকত আলী(ঘোড়া), মোঃ শরীফুল ইসলাম শরীফ(মোড়গ). সাংগঠনিক সম্পাদক পদে রাম প্রসাদ সরকার দীপু(দোয়েল), মোঃ ইকরামুল ইসলাম জাফর(হাতি), মোঃ পলাশ খাঁন পাষাণ(হাঁস), মোঃ শহীদুর রহমান(পাখা). কোষাধ্যক্ষ পদে মোঃ জামাল উদ্দিন বেপারী(তালাচাবি), মোঃ নাজমুল হোসেন(কেতলী). দপ্তর সম্পাদক পদে আব্দুল আওয়াল মিয়া বাবু(দোয়াত কলম), মোঃ রহিজ উদ্দিন(ফ্যান), মোঃ শামীম ভূঁইয়া (ময়ূর).প্রচার সম্পাদক পদে মোঃ আমিনুর রহমান(মই), মোঃ মিজানুর রহমান খান কুদরত(মাইক), সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন(বক), আবুল কালাম হৃদয়(জগ), মোঃ আঃ ছাত্তার(কাপ পিরিচ), মোঃ তরিকুল ইসলাম তারা(বালতি), ক্রীড়া ও নাট্য সম্পাদক পদে হুসাইন আনোয়ার(ক্রিকেট ব্যাট), মোঃ নাসির মিয়া(ফুটবল), মিলাদ বিষয়ক সম্পাদক পদে আঃ আজিজ খাঁন(কলম), হাজী মোক্তার হোসেন ভূঁইয়া(মোটর সাইকেল), পুজা বিষয়ক সম্পাদক রঞ্জন কুমার দাস(টেবিল), শংকর হালদার(উড়োজাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া মোঃ আলমগীর (সি,এন,জি), মোঃ গোলাম ফারুক(চশমা), তাপশ সাহা(কাঠাল), মোঃ ফরহাদ মিয়া(হারমোনিয়াম), মোঃ মামুন(টিয়া পাখি), মোঃ মাসুদ বেপারী(সেলাই মেশিন), মোঃ রফিক মৃধা(টিউবওয়েল), আঃ রহিম (পাওয়ার টিলার), লতা বিশ্বাস (তলোয়ার), মোঃ লিয়াকত হোসেন(চাকা), মোঃ সাইদুর রহমান(ঘুড়ি) ও মির্জা সালেম(আম) প্রতীক নিয়ে সম্মানিত সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করছেন।
একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মোঃ আজগর আলী বেপারী, আলহাজ্ব ইকরামুল ইসলাম খবীর ও মোঃ হামিদুর রহমান আলাই এর লড়াই হবে ত্রিমুখী। এছাড়াও সাধারন সম্পাদক পদে মোঃ সামছুল আলম ও মৌলভী আঃ মতিন মুছা এবং সাংগঠনিক সম্পাদক পদে ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু ও মোঃ পলাশ খাঁন পাষানের মধ্যে ভোটের তুমুল লড়াইয়ের আভাস দিলেন ভোটাররা।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দুই উপদেষ্টা ও সাত সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। ঘিওর ইউ.পি সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ খালেক মিয়াকে প্রধান উপদেষ্টা ও আঃ আজিজ দর্জিকে উপদেষ্টা এবং ঘিওর সদর ইউ.পি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুলকে প্রধান নির্বাচন কমিশনার সহ সরোয়ার হোসেন, শাহজাহান খাঁন, অলোক কুমার আইচ, সূর্য্য কান্ত দাস(পান্থ), মোঃ আঃ আলীম, মোঃ সাদিকুর রহমান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ অহিদুল ইসলাম টুটুল জানান, প্রার্থীরা আচরন বিধি মেনে নির্বাচনী প্রচারনা করে যাচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর বাজার বণিক সমিতির নির্বাচনে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।




