
ভারতে যখন লাগাতার করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, যখন সরকারের পক্ষ থেকে এই মারণ রোগের বিরুদ্ধে সবরকম সতর্কতা নেয়ার কথা বলা হচ্ছে তখনই একটি হাসপাতালের এমন এক ভিডিও সামনে এল যা দেখে আঁতকে উঠবেন সকলে। মুম্বইয়ের হাসপাতালে একটি মোবাইল ফোনে তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে হাসপাতালের শয্যায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে, তারই আশেপাশে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কয়েকটি লাশ। ব্যাগের মধ্যে কোনো রকমে জড়ানো অবস্থায় ফেলে রাখা লাশগুলো সবই করোনা আক্রান্ত মানুষজনের। মারা যাওয়ার পরও তাদের লাশ অন্যস্থানে না সরিয়ে হাসপাতালের মেঝেতে ফেলে রাখা হয়েছে, যা থেকে আরো মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভয়ঙ্কর ওই ভিডিও ক্লিপটি মুম্বইয়ের সিওন হাসপাতালের যা কিনা সেখানকার পুরসভার নিয়ন্ত্রণে। কমপক্ষে ৭ টি লাশ ওয়ার্ডে পড়ে থাকতে দেখা গেছে, আর তার পাশেই হাসপাতালের বেডে চিকিৎসা চলছে অন্য রোগীদের; কিছু রোগীর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত আছে। ভাবুন একবার, কী ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ অবস্থা।
মহারাষ্ট্র সরকারের বিরোধী বিজেপির এক বিধায়ক নীতেশ রানে ওই ভয়ঙ্কর ভিডিওটি পোস্ট করে লেখেন: “সিওন হাসপাতালে রোগীরা লাশের পাশেই ঘুমিয়ে আছেন !!! কী চূড়ান্ত গাফিলতির নিদর্শন … এ কেমন প্রশাসন! খুব খুব লজ্জাজনক !! ”
যদিও সিওন হাসপাতালের ডিন প্রমোদ ইঙ্গালে জানান, কোভিড – ১৯-এ আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের স্বজনরা সেই লাশ নিতে নারাজ। “এই কারণেই ওই লাশগুলো ওখানে ওভাবে ফেলে রাখা ছিল। আমরা এখন ওই লাশগুরেঅ সরিয়ে নিয়েছি এবং বিষয়টি নিয়ে তদন্ত করছি”, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন তিনি।
হাসপাতালের কর্মীরাও সাফাই গেয়েছেন, ওই লাশগুলো পরিবারের সম্মতির অপেক্ষায় ফেলে রাখা হয়েছিল।
এদিকে মহারাষ্ট্রে ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে। সেখানে করোনা আক্রান্ত প্রায় ১৬,৮০০ জন। শুধু মুম্বইয়েই ওই রোগে ভুগছেন প্রায় ১০,৭১৪ জন মানুষ। বাণিজ্যনগরীতে ৪০০ এরও বেশি মানুষ মারা গেছে ওই রোগে।
সূত্র : এনডিটিভি




