লাতিন আমেরিকায় করোনায় আক্রান্ত ৬০ লাখ ছাড়াল

করোনাভাইরাসের অন্যতম হটস্পট লাতিন আমেরিকায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স নিজেদের হিসেব তুলে ধরে জানিয়েছে, অঞ্চলটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬০ লাখ।
তাতে বলা হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লাতিন আমেরিকা অঞ্চলে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ পাঁচজনে দাঁড়ায়। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬০ জনে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাতিন আমেরিকার অধিকাংশ দেশ লকডাউন উঠিয়ে নিতে থাকায় সংক্রমণও বাড়ছে। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ৮৬ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশই লাতিন আমেরিকার, মৃত্যুর সংখ্যাও তাই।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ব্রাজিলের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৬ হাজার। আক্রান্ত-মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।




