লন্ডনের গলিতে মুস্তাফিজের ব্যাটিং

অপেক্ষা এখন অস্ত্রপচারের। সেটা খুব সম্ভবত ইংল্যান্ডে হবে বলেই এখনো সেখানেই রয়ে গেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’. তাই বলে ক্রিকেট বন্ধ হয়নি! লন্ডনের গলিতেও দেখা মিললো ‘ব্যাটসম্যান’ মুস্তাফিজুর রহমানের।
মূলত গিয়েছিলেন বাংলাদেশিদের চ্যারিটি সংস্থা ক্যাপিটাল কিডস ক্রিকেট ও লন্ডন টাইগার্স -এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে। সেখানে একঝাঁক ক্ষুদে ক্রিকেটারদের সাথে আরো উপস্থিত ছিলো লন্ডনের বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটাররা।
অনুষ্ঠান শেষে গলির মধ্যেই শুরু হয়ে গেলো ব্যাট-বলের লড়াই। না, বল হাতে নেননি মুস্তাফিজ। পুরোদস্তুর ব্যাটসম্যান বনে ক্ষুদে বোলারদের ‘কাটার’ সামলাতে হয়েছে তাকে। উপভোগ করেছেন বাংলাদেশের বাঁ-হাতি এই পেসার। সময়টাও কেটেছে ভালোভাবেই।
এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট টুর্নামেন্টে সাসেক্সের হয়ে খেলতে যান মুস্তাফিজ। সেখানে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলার দিনই ইনজুরিতে পড়েন। পরবর্তীতে দুইদফা এমআরআই করার পর চিকিৎসক জানান, মুস্তাফিজের বাম কাঁধে টাইপ টু টিয়ার ধরা পড়েছে। সেক্ষেত্রে স্থায়ী সমাধানের জন্য অস্ত্রপচার করতে হবে।
সেটা নিয়েই কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি).তাই এখনো ইংল্যান্ডেই অবস্থান করছেন মুস্তাফিজ।
সূত্র : প্রিয়.কম




