লজ্জার হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু

টেস্টে সিরিজের পর ওয়ানডেতেও বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা। কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের বড় লক্ষ্য দেয় বাংলাদেশ। সেটা তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। কোনোভাবেই দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যানদের ফেরাতে পারেননি মাশরাফি-সাকিবরা।
২৭৯ রানের লক্ষ্যটাকে একেবারে মামুলি বানিয়ে ফেলেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় স্কোর। ২০১৫ সালে রিলে রুশো ও আমলা মিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী উইকেটে ২৪৭ রান করেন। এত বড় রান তাড়া করে প্রোটিয়ারা এর আগে কখনই ১০ উইকেটে জিততে পারেনি। ২০০৫ সালে ভারতের বিপক্ষে ১৮৯ রান তাড়া করে ১০ উইকেটে জয় পায় প্রোটিয়ারা।
কুইন্টন ডি কক ১৬৪ ও হাশিম আমলা ১১০ রানে অপরাজিত থাকেন।
এর আগে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে ২৭৯ রানের বড় স্কোর দাঁড় করায় মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা। টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে সাত উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।




