
নভেল করোনাভাইরাস রোধে ঘোষিত লকডাউন ভেঙে হানিমুনে চলে গিয়েছিল এক নবদম্পতি। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করায় পুলিশ তাদের গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন সূত্রে সিএনএন জানায়, বুধবার ক্যালিফোর্নিয়া থেকে আগত ওই দম্পতি হাওয়াইয়ের সমুদ্র শহর হনলুলুর একটি হোটেলে ওঠেন। রুম বুকিংয়ের সময় হোটেল কর্তৃপক্ষ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা সম্পর্কে অবহিত করে।
করোনা রোধে হাওয়াইতে লকডাউন চালু করা হয়। কোনো পর্যটক সেখানে ভ্রমণে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
কিন্তু এই নির্দেশনা অমান্য করে ওই দম্পতি ঘুরতে বেড়িয়ে যান। মধ্যরাতে পিৎজা নিয়ে হোটেলে ফিরে আসেন ২০ ও ২৬ বছর বয়সী দুই তরুণ-তরুণী। পরদিন সকালে আবারও কোয়ারেন্টাইন থাকা নিয়ে সতর্ক করে দেয়া হয়। এ সম্পর্কিত নির্দেশনা নিয়ে হোটেলের কাগজপত্রেও স্বাক্ষর করতে অস্বীকার করেন তারা।
এরপরে হোটেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানালে ওই দম্পতির বিরুদ্ধে আইন লংঘনের অভিযোগ এনে তাদের গ্রেপ্তার করা হয়।
এক বিবৃতিতে হাওয়াই অ্যাটর্নি জেনারেল ক্লার কোনর্স বলেন, করোনা প্রতিরোধের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে যারাই হাওয়াইতে উড়ে আসবেন তারা যেন এই সময়ের নির্দেশনা মেনে চলেন। এ ব্যাপারে হোটেলগুলো ও তাদের কর্মীদের সহযোগিতা ও সতর্ক অবস্থানের জন্য প্রশংসা করি।
এদিকে হাওয়াইতে এখন পর্যন্ত ৬১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অন্তত ১৬ জন মারা যান।



