আন্তর্জাতিক সংবাদশিরোনাম

লকডাউন উঠতেই বার্গারের দোকানে লম্বা লাইন, ক্ষুব্ধ জেসিন্ডা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় লকডাউন শিথিল করে দিয়েছিল নিউজিল্যান্ড। চেইন ফুড ও কফি শপগুলো খুলে যাওয়া এতে অনেক মানুষের ভীড় দেখা গেছে। এমনকি বার্গারের দোকানে লম্বা লাইন পড়ে গেছে মানুষের।
এক প্রকার লকডাউন উঠে গেলেও বেশিরভাগ মানুষকে সারাক্ষণ ঘরের মধ্যে থাকার পরামর্শ দেয়া হয় এবং সব ধরণের সামাজিক মেলামেশা থেকে বিরত থাকতে বলে কর্তৃপক্ষ।
সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব না রেখে বার্গারের দোকানে এমন লাইন দেখে ক্ষুব্ধ দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
তার ভাষ্য, লকডাউন শিথিল করা হয়েছে বলে এটা এমন না যে এভাবে কোথাও ভীড় করতে হবে।
জানা গেছে, বার্গারের দোকানটির নাম ‘বার্গার ফুয়েল’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, বার্গার কিনতে দোকানটির সামনে লম্বা লাইন লেগে গেছে। সামাজিক দূরত্ব না মেনে ক্রেতারা গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছিল।
জাসিন্ডা জানান, দোকানটির সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার তিন স্তরের সতর্কতা বজায় রেখে খাবারের দোকানসহ জরুরি সেবা নয় এমন কিছু ব্যবসায়িক কার্যক্রম চালু করে দেয়া হয়। তবে রেস্টুরেন্টগুলোকে শুধু খাবার বিক্রির অনুমতি দেয়া হয়, ভেতরে বসে খাওয়ার সুযোগ নেই। এতে দ্রুত খাবার ফুরিয়ে যাবে এমন আশঙ্কায় একসঙ্গে অনেক মানুষ দোকানটির সামনে ভীড় করে।
নিউজিল্যান্ডে এক হাজার ১২৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৯ জন। গত কয়েকদিন ধরে নতুন করে কেউ মারা যায়নি। এ ছাড়া নতুন আক্রান্তের সংখ্যাও এক অঙ্কে নেমে আসে। বুধবার নতুন করে মাত্র দুইজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button