slider

রৌমারীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আব্দুর রহিম নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল চারটার দিকে নিজ শয়নকক্ষের পাশে গোলাঘরে ধরণার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। আব্দুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২নং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
গত ১৮ মার্চ তিনি ২৮ দিনের ছুটি নিয়ে রৌমারীর গ্রামের বাড়িতে আসেন।
নিহত পুলিশ কনস্টেবলের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী ফোরকে জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। পরিবারের কাউকে না জানিয়ে তিনি ধানচাল রাখার ঘরের ভেতর আত্মহত্যা করেন। নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিমের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে। প্রায় ১৮ বছর ধরে তিনি পুলিশে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ জানান, পারিবারিক সূত্রে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর আনছার আলীসহ একটি টিমকে পাঠানো হয়েছে। তারা মরদেহ উদ্ধারের পর সুরৎহাল শেষে থানায় নিয়ে আসলে মঙ্গলবার (২৯ মার্চ) ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button