
এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি গার্মেন্টস (তৈরি পোশাক) দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচরের শিমুলতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানটি ‘আরাফা স্টোর’। দোকানটির মালিক আয়নাল হক জানান, ভাড়ায় নেওয়া ঘরে তিনি দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন। কিন্তু গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। এতে দোকানের সব ধরনের পোশাকসহ আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।
তিনি আরও বলেন, “এই দোকানটাই ছিল আমার একমাত্র আয়ের উৎস। জীবনের সব সঞ্চয় এখানে বিনিয়োগ করেছিলাম। আগুনে দোকানঘরসহ সব মালামাল পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব।”
ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। পাশাপাশি তিনি সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের আবেদন জানান।




