রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাত্কালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ বিষয়ে সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিকতাবোধ ও উদারতার ব্যাপক প্রশংসা করেন জাতিসংঘ কর্মকর্তারা। মানবিক সহায়তার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জাতিসংঘ তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বলেও জানান তারা।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারীর কার্যালয় ওসিএইচএ’র আন্ডার সেক্রেটারি মার্ক লৌকক এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেছেন। গতকাল তারা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানান এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘকে সহযোগিতা করার অনুরোধ করেন।
পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে বলেন, মাত্র এক মাসেই পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। বর্তমানে অবস্থানরত ৯ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য গুরুতর মানবিক চ্যালেঞ্জ তৈরি করেছে। মিয়ানমারের স্টেট কাউন্সেলর কার্যালয়ের মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী তাদের বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। মিয়ানমারের মন্ত্রীও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। এ অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তা আশা করে বাংলাদেশ।




