রোহিঙ্গা নির্যাতন বন্ধে ব্যবস্থা নিন : সু চিকে যুক্তরাষ্ট্র-ব্রিটেন

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে মিয়ামনারকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
লন্ডনে যৌথ সংবাদ সম্মেলনে তারা দু’জন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সু চির প্রতি আহ্বান জানান।
লন্ডন সফররত টিলারসন সংবাদ সম্মেলনে বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের বাহিনীর সহিংসতা মোটেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে এটা বন্ধ করতে হবে। তবে সরাসরি মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চির ঘাড়ে দোষ না চাপিয়ে সু চিকে তিনি পরিস্থিতির শিকার বলে মন্তব্য করেন।
টিলারসন বলেন, ‘অং সান সুচি যে কঠিন এবং জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেটা আমরা বুঝতে পারছি। জাতিগত পরিচয়ের বাইরে গিয়ে মানুষের সাথে আচরণ কী হবে আমরা সবাই সেটা জানি। আন্তর্জাতিক সম্প্রদায়ও তাই সমর্থন করে। কিন্তু এই সহিংসতা অবশ্যই থামাতে হবে, মানুষের ওপর এই নির্যাতন থামাতেই হবে।’
রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের নেত্রী নোবেলজয়ী অং সান সু চি সমালোচনার মধ্যে রয়েছে, তবে তার পক্ষেই অবস্থান প্রকাশ পেয়েছে টিলারসনের।
তিনি বলেন, মিয়ানমার গণতন্ত্র ফিরলেও সু চিকে এখনও সামরিক বাহিনীর সাথে রফা করে সরকার চালাতে হচ্ছে। এ অবস্থায় সু চির প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন তিনি। এর আগে জাতিসংঘ মহাসচিব এই অভিযানকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। তার বক্তব্যকে সমর্থন জানিয়ে টিলারসন বলেন, এটাও বন্ধ করতে হবে।
একই সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, ‘রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে মিয়ানমারের প্রকৃত ক্ষমতাধর নেতা অং সান সু চিকেই তার নৈতিক ক্ষমতা ব্যবহার করতে হবে।’




