রাজনীতি

রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া হবে আত্মঘাতী : মওদুদ আহমদ

রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয়ে সরকারের নেয়া ভাসানচরে প্রকল্প আত্মঘাতি উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেছেন, এক লাখ রোহিঙ্গা শরনার্থী নোয়াখালীর ভাসানচরে প্রত্যাবর্সন করাতে সরকার একটি প্রকল্প করে অর্থ বরাদ্দ করেছে। এটা সরকারের অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এ দাবি জানান।
মওদুদ বলেন, সরকারকে বলব, এই প্রকল্প অবিলম্বে বাতিল করুন। কারণ এই প্রকল্প একটা আত্মঘাতি প্রকল্প। এই প্রকল্পে বাংলাদেশের মানুষের কোনো উপকার হবে না।
এরকম প্রকল্পের ফলে উদ্ভুত পরিস্থিতির প্রসঙ্গ টেনে মওদুদ আহমদ বলেন, এই প্রকল্পের টাকা এখানে খরচ করা হবে তার মানেটা কী দেখেন। একদিকে বলছেন, আপনি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য চুক্তি করেছেন মিয়ানমারের সাথে। আর অন্যদিকে আপনি তাদের স্থায়ী থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। রোহিঙ্গাদের মধ্যে যারা এখনো সেখানে (রাখাইন) পড়ে আছে তারা দেখবে যে, এই প্রকল্প হওয়ার পরে অনেক রোহিঙ্গা বাংলাদেশে ফিরে আসছে। কেনো? তারা (রোহিঙ্গা) বুঝতে পারছে যে, বাংলাদেশে গেলে একটা স্থান পাবো। ক্রমেই তারা তাদের দাবি জানাতে পারবে, তাদের শিক্ষা দান করতে হবে, তাদের পরিচর্যা করতে হবে, তাদের সেখানে বিদ্যুৎ দিতে হবে, তাদের সেখানে গ্যাস লাইন দিতে হবে। তাদের সেই চাহিদা দিন দিন বাড়তে থাকবে। এই যে বোঝা তা বাংলাদেশ সরকার বা মানুষের বহন করা সম্ভব নয়।
ভাসানচর একটি জলদুস্যদের এলাকা মন্তব্য করে তিনি বলেন, নোয়াখালীর এই ভাসানচর একটি নিবৃত্ত এলাকা। এখানে অনেকে যান নাই, যারা এই জায়গাটি ঠিক করেছেন তারাও কখনো সেখানে গেছেন বলে মনে হয় না। ভাসানচর জলদুস্যদের জায়গা।
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে সমঝোতা চুক্তি ‘ফাঁদ’ বলে মন্তব্য করে মওদুদ বলেন, বর্তমান সরকারের কুটনৈতিক ব্যর্থতার কারণেই আজকে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের সাথে একটি চুক্তির ফাঁদে পড়তে হয়েছে। ইট ইজ এ ট্র্যাপ। কারণ ১৯ দফা শর্তের ওপরে যে চুক্তি (সমঝোতা) হয়েছে তা কোনো দিন কার্যকর করা সম্ভব হবে না। কারণ ভারত, চীন, রাশিয়াকে বাংলাদেশ সরকার তাদের পক্ষে আনতে পারেনি। এটাই এই সরকারের ব্যর্থতা। তাদের (তিন দেশ) কারণেই আজকে বাংলাদেশকে মিয়ানমারের সাথে এই চুক্তি স্বাক্ষর করতে হয়েছে।
রোহিঙ্গা সংকট এর কারণে বাংলাদেশে নানারকম ‘নৈরাজ্য ও অস্থিতিশীলতা’ সৃষ্টির কথা বলেন মওদুদ আহমদ।
তিনি বলেন, আগাম নির্বাচনের জন্য যেকোনো সময় নির্বাচন দিলে আমরা সেই নির্বাচনে প্রতিযোগিতা করবো একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারিকে ‘বেআইনি ও অসাংবিধানিক’ বলে মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে যে, নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকার করে এবং সরকারের নিয়ন্ত্রণে এই বিচারকরা কাজ করেন বলেই আজকে সেই বিচারকের স্বাধীনতা নাই, সেই বিচারকের মুক্ত মনে বিচার করার কোনো পরিবেশ নেই। যার জন্য হয়ত তাকে বাধ্য হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে জনসমক্ষে হেয় করার জন্য। আমরা এর নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, যতই হামলা করেন, যতই গুম করেন, যতই অত্যাচার-নির্যাতন করেন, এই বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।
সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় আলোচনা সভায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক মন্ত্রী জাকারিয়া খান চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রমূখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button