আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিতে হবে’

মালয়েশিয়া সরকার নিপীড়িত রোহিঙ্গাদের পাশে রয়েছে উল্লেখ করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফ উদ্দিন আব্দুল্লাহ বলেছেন, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। শুধু ফিরিয়ে নিলে হবে না রাখাইনে তাদের স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিতে হবে। রোহিঙ্গা সংকট নিয়ে আশিয়ানভুক্ত দেশগুলো উদ্বিগ্ন।
রবিবার উখিয়ার কুতুপালং, বালুখালী, জামতলীসহ বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গণহত্যা, জাতিগত নিধনে রোহিঙ্গারা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিতে আশিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
রবিবার সকালে ক্যাম্প এলাকায় এসে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন টিএন্ডটি এলাকায় অবস্থিত মালয়েশিয়া ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালের বিভিন্ন সেবাকক্ষ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের উন্নত সেবা দিতে মালয়েশিয়া হাসপাতালে নিয়োজিত ডাক্তারদের পরামর্শ দেন তিনি।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে বৈঠক করেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, সকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন এবং সে দেশের অর্থায়নে নির্মিত হাসপাতাল, স্কুল ও ত্রাণ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। একইভাবে তিনি টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রণালয়, জেলা ও পুলিশ প্রশাসন, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিন দিনের সফরে গত ৬ জুলাই ঢাকায় আসেন। বিকালে তিনি ঢাকায় ফিরে গেছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button