
নতুন জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের বিসিএস ক্যাডারে অন্তর্ভূক্ত না করার দাবিতে আগামী রোব ও সোমবার দেশের সব সরকারি কলেজে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
যেসব বেসরকারি কলেজ জাতীয়করণের পর্যায়ে রয়েছে সেসব শিক্ষকদের জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবি জানান নেতৃবৃন্দ। তাদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভূক্ত করা যাবে না। এ দাবিতে ‘নো বিসিএস নো ক্যাডার’ শীর্ষক মহাসমাবেশ আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে গতকাল সারা দেশ থেকে সরকারি কলেজের বিসিএস ক্যাডার শিক্ষকরা যোগ দেন।
সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী বলেন, আমাদের দাবি মানা না হয় তাহলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিরোধী নন। তবে তাদের নন ক্যাডার ঘোষণা করে আলাদা বিধিমালা জারি করতে হবে।
বর্তমানে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ ও মাধ্যমিক স্কুল সরকারিকরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বেসরকারি ২৮৫ কলেজ ও ৩৭১টি স্কুল সরকারি বা জাতীয়করণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্যাডারভূক্ত সরকারি কলেজ শিক্ষক সংগঠনটি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গত মার্চ মাস থেকে তাদের দাবির পক্ষে কর্মসূচি পালন করে আসছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বক্তব্য হচ্ছে, বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়, বেসরকারি কলেজ জাতীয়করণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসন, ‘জাতীয়করণের আওতাভূক্ত কলেজগুলোর শিক্ষকদের চাকরি বদলিযোগ্য হবে না’ মানতে হবে। তাদের চাকরি নিজ নিজ কলেজেই সুনির্দিষ্ট হতে হবে।
সারা দেশে বর্তমানে সরকারি কলেজ হচ্ছে ৩৩৫টি। বিসিএস সাধারণ শিক্ষা সমিতিতে ১৫ হাজার ক্যাডারভূক্ত শিক্ষক রয়েছেন। আর জাতীয়করণের জন্য চূড়ান্ত করা বেসরকারি কলেজ শিক্ষকদের সংখ্যা হচ্ছে প্রায় ২০ হাজার।




