খেলা

রেকর্ড গোলে জয় ইতালির

দীর্ঘ নয় বছর পর জাতীয় দলে ফিরেই রেকর্ড গড়েছেন ফ্যাবিও কুয়াগলিয়ারেলা। ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার ইতালির হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গতকাল গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। এই অভিজ্ঞ ফরোয়ার্ডের দুটি পেনাল্টির গোলে ইতালি ইউরোর বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লিচেনস্টেইনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।
এই জয়ের সুবাদে ইতালি ‘জে’ গ্রুপে শীর্ষে আছে। গত শনিবার উদিনেতে প্রথম ম্যাচে আজ্জুরিরা ফিনল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে ইউরো ২০২০ বাছাইপর্বে শুভ সূচনা করেছে। ফিনল্যান্ডের বিপক্ষে ২২ বছর বয়সী নিকোলো বারেলা ও ১৯ বছর বয়সী মোয়েস কিনের গোলে ইতালির জয় নিশ্চিত হয়।
এই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গ্রীসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। দুই দলই ইতালির থেকে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে, তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড।
সিরি-এ’র এবারের মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে ২৮টি ম্যাচে ২১ গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার স্থানটি দখল করে আছেন কুয়াগলিয়ারেলা। আর সে কারণেই নতুন ভাবে গঠিত ইতালি দলে কোচ রবার্তো মানচিনির বিবেচনায় তিনি জায়গা করে নেন। জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো কুয়াগলিয়ারেলার থেকে লিগে দুই গোল কম করেছেন। আজ্জুরিদের জার্সি গায়ে দীর্ঘ প্রায় নয় বছর পর মাঠে নেমে ৩৫ মিনিটে স্পট কিক থেকে কুয়াগলিয়ারেলা দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। এরপর বিরতির ঠিক আগে আবারো স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন। এই গোলের মাধ্যমে ৩৬ বছর ৫৪ দিন বয়সে ইতালির হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়লের এই সাম্পদোরিয়ার ফরোয়ার্ড। ২০০৮ সালে ৩৫ বছর ৬২ দিন বয়সে গোল করে এই তালিকায় এত দিন শীর্ষে ছিলেন ক্রিস্টিয়ান পানুচ্চি।
আগামী জুনে ইতালি বাছাইপর্বেও পরবর্তী ম্যাচে বসনিয়া ও গ্রিসের মুখোমুখি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button