রূপগঞ্জকে ৬০ রানে হারিয়েছে আবাহনী

মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে (ডিপিএল) সুপার সিক্সের চতুর্থ রাউন্ডের ম্যাচে সহজ জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬০ রানে হারিয়েছে আবাহনী। ব্যাট হাতে ৫৫ বলে ৭৩ ও বল হাতে ৫ উইকেট নিয়ে আবাহনীর জয়ে প্রধান ভূমিকা রেখেছেন মোসাদ্দেক।
এই জয়ে ১৪ খেলা শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো আবাহনী। ১৫ খেলায় ২০ পয়েন্ট রয়েছে রূপগঞ্জেরও। রান রেটে এগিয়ে শীর্ষে আবাহনী। সুপার সিক্সে এখনো ২টি খেলা বাকী আছে আবাহনীর। তাই শিরোপার স্বপ্ন দেখছে তারা। আবাহনী ছাড়াও শিরোপা দৌড়ে আছে রূপগঞ্জ ও প্রাইম ধোলেশ্বর। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী। পুরো ৫০ ওভারে ৮ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। দলের পক্ষে মোসাদ্দেক ৭৩, সাকিব আল হাসান ৬৬, লিটন দাস ৫১ ও অধিনায়ক তামিম ইকবাল ৩৩ রান করেন। রূপগঞ্জের তাইজুল ইসলাম ও আসিফ আহমেদ ৩টি করে উইকেট নেন।
জবাবে শুরুতেই দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রুপগঞ্জ। সেই চাপ পরবর্তীতে সামলিয়েও উঠেছিলো তারা। কিন্তু ম্যাচ জয়ের জন্য যেভাবে ঘুড়ে দাঁড়ানোর প্রয়োজন ছিলো, সেভাবে তা করতে পারেনি রুপগঞ্জ। আসলে রূপগঞ্জকে ম্যাচে ফিরতে দেননি মোসাদ্দেক। মিডল-অর্ডারে ৩ ও লোয়ার-অর্ডারে ২ উইকেট নিয়ে রূপগঞ্জের আসল সর্বনাশটা করেছেন মোসাদ্দেকই। তার বোলিং তোপে ৪৪.৪ ওভারে ২৩০ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন ম্যাচের সেরা মোসাদ্দেক। এছাড়া সাকিব ও তাসকিন নিয়েছেন ২টি করে উইকেট। রূপগঞ্জের আসিফ আহমেদ ৭০ ও মোহাম্মদ মিথুন ৫৫ রান করেন।




