‘রিক্সা গার্ল’ হচ্ছেন নভেরা রহমান

‘আয়নাবাজি’-খ্যাত নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি ‘রিক্সা গার্ল’। ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ছবিটিতে অভিনয় করবেন। এই খবর প্রকাশ হলেও এবার জানা গেল নতুন তথ্য।
ছবিটিতে শাকিবের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন নভেরা রহমান। মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোমেনা চৌধুরীর মেয়ে নভেরা হতে যাচ্ছেন অমিতাভের ‘রিক্সা গার্ল’। যদিও বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা।
আগামী ডিসেম্বরে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সেখানেই ছবিটির কুশলীদের বিষয়েও বিস্তারিত জানাবেন তিনি। অমিতাভ রেজা বলেন, ‘সিনেমায় কে কে অভিনয় করছেন তা এখনি বলতে চাই না। তবে ছবির প্রধান পাত্র-পাত্রী চূড়ান্ত হয়ে গেছে। ঘোষণার দিনই সবাই জানানো হবে।’
এদিকে‘রিক্সা গার্ল’ ছবির রিক্সা কন্যা কে হতে পারেন? অনেকের মাঝেই তৈরি হয়েছে আগ্রহ। ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজে (আইএমডিবি) জানাচ্ছে, রিক্সা গার্ল ছবির নাইমা চরিত্রে অভিনয় করবেন নভেরা রহমান। সঙ্গে থাকছেন শাকিব খান।
‘রিক্সা গার্ল’ছবির প্রযোজক এরিক জে অ্যাডামস, সহ-প্রযোজক ক্যাথলিন এম অ্যাডামস, সহযোগী প্রযোজক মেহজাবিন রেজা ও আসাদ সকাল। আর এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।
যদিও বিষয়টি নিয়ে নোভেরার মা অভিনেত্রী মোমেনা চৌধুরী কোন মন্তব্য করতে রাজি হননি।
সম্প্রতি নোভেরা অভিনয় করেছেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ছবিতে। ছবিটি এখন রয়েছে মুক্তির অপেক্ষায়।




