রাস্তায় নামলেন বলিউড তারকারা
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ এবার ছড়িয়ে পড়ল ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে। বৃহস্পতিবার ক্রান্তি ময়দানে হাজার খানেক লোকের জমায়েত হন। সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদে অংশ নেন সেলিব্রিটিরা।
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানা যায়, সিএএ ও এনআরসি’র প্রতিবাদে পথে নামেন রাহুল বোস, সুশান্ত সিং, ফারহান আখতার, হুমা কোরেশি, স্বরা ভাস্কর, জোয়া আখতার, রাকেশ ওমপ্রকাশ মেহেরাসহ অনেকে। মিছিলের সামনে ছিলেন তারা।
ওই দিন বিকেল পাঁচটা নাগাদ মুম্বাইয়ের চার্চ গেট স্টেশনে আন্দোলনের জন্য জমায়েত শুরু হয়। তারপর সেখান থেকে মিছিল যায় ক্রান্তি ময়দানে। হোয়াটসঅ্যাপেও ছড়িয়ে পড়ে মেসেজ। জমায়েতে অভিনেত্রী স্বরা ভাস্কর বক্তৃতা দিতে গিয়ে ‘আজাদি’ স্লোগান তোলেন। সিএএ, এনআরসি, বেকারত্ব ইত্যাদি ইস্যু ছিল তার স্লোগানের বিষয়।
স্বরা বলেন, “আজ যদি আদনান সামি নাগরিকত্ব পান, তবে সাধারণ মানুষ কী দোষ করল? নাগরিকত্বের জন্য আলাদা করে আইন পাশ করা হবে কেন?”
অভিনেত্রী হুমা কোরেশি বলেন, “যে বিক্ষোভ সহিংসতা ছড়াচ্ছে, তা অবশ্যই দমন করা উচিত। যারা সহিংসতা ছড়াচ্ছে, তাদের অবশ্যই শাস্তি পাওয়া দরকার। কিন্তু তার মানে এই নয় যে প্রতিবাদ হবে না।”
ফারহান আখতার বলেন, “দেশজুড়ে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হবে? আসাম, হায়দরাবাদ, লখনউ, দিল্লি সব জায়গাই আজ জ্বলছে। সব যদি ঠিকই থাকবে, তবে এনআরসি বা সিএএ’র নামে কেন এমন অশান্তি তৈরি হবে দেশে?”
সুশান্ত সিং জানান, এর আগে তিনি জামিয়া মিলিয়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন। তার জন্য ‘সাবধান ইন্ডিয়া’ থেকে বাদ পড়েছেন। দেশজুড়ে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছেন। তিনি তাদের পাশে আছেন। বড়দের উচিত এই সময় ছোটদের সমর্থন করা।
এ ছাড়া টুইটারেও আন্দোলন সমর্থন জানিয়েছেন অনেক তারকা।




