রাশিয়া যেতে বাংলাদেশিদের ভিসা লাগবে না

বাংলাদেশিদের জন্য রাশিয়া যেতে এখন আর ভিসার প্রয়োজন হবে না। শুধুমাত্র পাসপোর্ট থাকলেই বাংলাদেশিরা রাশিয়া ভ্রমণ করতে পারবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার।
পত্রিকাটি জানায়, গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একটি ভিসা চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তি অনুসারে বাংলাদেশের নাগরিকরা রুশ ভিসা ছাড়াই মস্কো যেতে পারবেন। তেমনিভাবে একজন রুশ নাগরিকও কোনো বাধা-বিপত্তি ছাড়াই ঢাকা সফর করতে পারবেন। দু’দেশের মানুষের যাওয়া-আসায় কোনো ভিসার দরকার পড়বে না।
তবে প্রাথমিকভাবে শুধুমাত্র কূটনৈতিক কর্মকর্তা ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এই সুযোগ পাবেন বলে জানা গেছে। ধাপে ধাপে এই সুযোগ সবার জন্য চালু হবে বলে জানিয়েছে আনন্দবাজার।
উল্লেখ্য ২০১৭ সালের শুরুর দিকে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বাংলাদেশ সফরে আসতে পারেন। সে উপলক্ষে রাশিয়ার প্রতিনিধি দল এখনই বাংলাদেশে আসতে শুরু করেছে। ওই সফরে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একাধিক চুক্তি সাক্ষর হবে বলে জানা গেছে।



