sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

রাশিয়া থেকে কম দামে তেল কিনছে ভারত : চরম অস্বস্তিতে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে কম দামে আরও বেশি বেশি তেল কেনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে ‘অস্বস্তিতে’ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে সাম্প্রতিক কালে ‘ভালো সম্পর্ক’ তৈরি হয়েছে আমেরিকার। তবে রাশিয়া ঐতিহাসিক ভাবে ভারতের বন্ধু। ফলে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতকে কাছে টানতে চেয়েও পায়নি। এই আবহে এবার দিল্লি আবার রাশিয়া থেকে কম দামে তেল কেনার বিষয়ে এগোচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয় সেই দিকে অনেকেরই নজর।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল, রাশিয়া থেকে ভারত যদি তেল কেনে তা তাদের নিষেধাজ্ঞা লঙ্ঘনের পর্যায়ে পড়বে না। তবে তার সঙ্গে হোয়াইট হাউস এও বুঝিয়ে দিয়েছিল যে তারা চায় না যে, ভারত রাশিয়া থেকে তেল কিনুক। সেই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছিলেন, ‘ভারতের নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাসের কোন দিকে থাকতে চায়’।
এবার গতকাল এই প্রসঙ্গেই জেন সাকি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন স্তরে ভারতের সঙ্গে এই বিষয়ে (রাশিয়া থেকে তেল কেনা) যোগাযোগ রাখা হচ্ছে। তবে প্রেসিডেন্ট বাইডেন এখনও এই বিষয়ে জড়াননি। যদি এমনটা হয়, তাহলে আপনাদের সেই বিষয়ে জানানো হবে’।
এর আগে ভারত সরকার বলেছিল, ভারতের জ্বালানির চাহিদা যুক্তিযুক্ত এবং এটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক হবে না।
জেন সাকি গতকাল এই বিষয়ে বলেন, ‘যখন আমরা রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, তখন প্রতিটি দেশ সেই সিদ্ধান্ত নেয়নি এবং আমরা তা স্বীকার করি। এবং এই ক্ষেত্রে ইউরোপের কিছু দেশসহ বিভিন্ন দেশের পৃথক অর্থনৈতিক যুক্তি রয়েছে। কিন্তু আমরা সারা বিশ্বের যেকোনও নেতার কাছে যা জানাব তা হল- বাকি বিশ্ব দেখছে আপনি কোথায় দাঁড়াতে চলেছেন কারণ এটি এই সংঘাতের সঙ্গে সম্পর্কিত। যে কোনও রূপে হোক না কেন, রাশিয়ার প্রতি তাদের সমর্থন আমাদের নজরে পড়বে। এই রাশিয়াই অবৈধভাবে ইউক্রেন আক্রমণ করেছে’।
প্রসঙ্গত, ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা নেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন চেয়েছিল, তাদের মতো বাকিরাও রুশ জ্বালানি বর্জন করুক। কিন্তু বাস্তবে তেমনটি হয়নি। বরং তেল-গ্যাসের দামে বড় ছাড় দিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকেই চাপে ফেলে দিয়েছে রাশিয়া। ইউরোপীয় দেশগুলো এখনো রুশ জ্বালানি নেওয়া অব্যাহত রেখেছে। আর সস্তায় পেয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াতে চলেছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে ইতিমধ্যেই রাশিয়া থেকে ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল। তার দাম পড়েছে আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম।
সূত্রের খবর অনুসারে, ইন্ডিয়ান অয়েল রাশিয়ার কাছ থেকে ইউরালস ক্রুড কিনেছে, যার ডেলিভারির তারিখ আগামী মে মাসে। আর এর দাম পড়েছে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের বাজারমূল্যের তুলনায় ২০ থেকে ২৫ মার্কিন ডলার কম। গত বুধবার বিশ্ববাজারে ব্রেন্টের দাম ছিল ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি। সেই হিসাবে, ভারত রাশিয়া থেকে ৭৫-৮০ ডলারে তেল পাচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এটাই প্রথম রাশিয়ার কাছ থেকে তেল কিনলো ভারত। দেশটি তার চাহিদার প্রায় ৮৫ শতাংশ তেলই আমদানি করে থাকে। তবে সেক্ষেত্রে রাশিয়ার ভাগ ছিল এতদিন মাত্র ১ দশমিক ৩ শতাংশ। কিন্তু এখন বড় মূল্যছাড় পেয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
সুত্র : দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button