শিক্ষাশিরোনাম

রাবির ২ ছাত্রীকে যৌন হয়রানির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির বিষয়ে শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছে অনুসন্ধান কমিটি। রোববার আইইআরে অনুষ্ঠিত ইনস্টিটিউট সভায় অনুসন্ধান কমিটি এই রিপোর্ট জমা দেয়। আইইআরের পরিচালক অধ্যাপক চৌধুরী মোঃ আবুল হাসান এসব তথ্য জানান।
তিনি জানান, সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি সত্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়। রোববারের সভায় সেই কমিটির রিপোর্ট জমা দেয়। তাতে ওই শিক্ষকের বিরদ্ধে আনীত অভিযোগ সত্য মনে হয়েছে। রিপোর্টের সারসংক্ষেপ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৫ ও ২৭ জুন আইইআরের দুই ছাত্রী যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীকে শিক্ষাকার্যক্রম থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়। অভিযোগ তদন্তে পরিচালককে প্রধান করে তিন সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
পরে গত ২৮ জুন শুক্রবার অভিযোগ প্রত্যাহার করে নিতে অভিযোগকারী ছাত্রীদের চাপ দেয়া হচ্ছে এই মর্মে নিরাপত্তা চেয়ে থানায় দুটি জিডি করা হয়।
এর আগেও সান্ধ্যকোর্সের কয়েক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত বছর অভিযুক্ত শিক্ষককে ওই ব্যাচের কার্যক্রম থেকে সরিয়ে নেয়া হয় বলে আইইআর সূত্রে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button