শিক্ষাশিরোনাম

রাবিতে ধর্ষণের প্রতিবাদে সংহতি সমাবেশ

দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদ জানিয়ে সংহতি সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাহিত্যের ছোট কাগজ উত্তরণ’র আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। ২০১৮ সালে দেশে ধর্ষণের শিকার হয়েছে প্রায় ৭১৩ জন, ২০১৯ সালে হয়েছে তার দ্বিগুণ। যখন এসব ঘটনা ঘটছে তখন আমরা দুঃখ প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং অনেক সময় চুপও থাকছি। কিন্তু এ সামাজিক ব্যাধিকে প্রতিরোধের জন্য আমরা কোন উদ্যোগ গ্রহণ করছি না। ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতারা কোন কাজ করছে না। তবে যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি না।
বক্তারা আরও বলেন, সমাজের সবাই যদি একসঙ্গে সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাহলেই সম্ভব হবে সমাজ থেকে এ ধরনের ব্যাধি দূর করা। সারা দেশে যে ধর্ষণ চলছে তার দায় আমাদেরকেই নিতে হবে। কারণ আমরা এ সমাজেরই অংশ।
এ সময় ‘মানুষকে মানুষ হিসেবে দেখুন, ভোগ্য পণ্য হিসেবে নয়’, ‘নারীর প্রতি সহিংসতা আর কত?’, ‘ধর্ষকদের সামাজ থেকে বয়কট করুন’, ‘নিজের সন্তানকে মানুষ হবার শিক্ষা দিন, চাকরি পাবার শিক্ষা নয়’ ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিরান শাহ মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, উত্তরণ সাহিত্য পত্রিকার প্রধান সমন্বয়ক মোহব্বহত হোসেন মিলন, দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাইসা জান্নাত প্রমুখ। এছাড়াও সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button