
আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সন্ধ্যা ৭টার পর সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সন্ধ্যা সাতটার পর কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। এছাড়া এ দুই দিন সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, এ দু’দিন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশদ্বার ও পুরো ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সন্ধ্যার পর প্রত্যেকের আইডি কার্ড চেক করা হবে এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। আইডি কার্ড ছাড়া কাউকে আইনশৃঙ্খলা বাহিনী ধরলে কর্তৃপক্ষ দায়ি থাকবে না।




