slider

রাণীনগর রক্তদহ বিলে নৌকায় ঘুরতে গিয়ে দুজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দুইটি নৌকায় রক্তদহ বিলে ঘুরতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

উপজেলার রক্তদহ বিলে রোববার (১১ আগষ্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলো রাণীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)।

এবং আহত দুজন হলেন উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫)। তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মন্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়স্বজন বেড়াতে আসেন। সকালে বিভিন্ন বয়সী ১৩ জন মিলে ছোট দুটি ঠেলা নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুরে বিলে তাদের দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পানিতে পড়ে যান। বড়রা কয়েকজন সাঁতার কেটে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে যান।

ওই সময় বিলের পানি থেকে শিশু তামান্না, কিশোর রিফাত, যুবক মিদুল ও নারী দুলালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত বলে জানান। আর মিদুল ও দুলালীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নৌকায় থাকা অন্য ৯ জন সুস্থ আছেন।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছেন। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button