রাজাপুরে সার্ভার সমস্যা, জন্মনিবন্ধন সংশোধনী সনদ পেতে ভোগান্তি

মোঃশাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : সার্ভার সমস্যার কারণে ঝালকাঠির রাজাপুরে জন্মনিবন্ধন সনদ সংশোধন করে নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। দিনের পর দিন ঘুরেও কাঙ্খিত জন্মনিবন্ধন সংশোধন করে সনদ না পেয়ে হতাশ হচ্ছেন সেবাগ্রহিতারা।
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, বিয়ের নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চাকরিতে নিয়োগ, ব্যাংক হিসাব খোলা, পানি- টেলিফোন-বিদ্যুতের সংযোগ, ট্রেড লাইসেন্স, জমির নিবন্ধনসহ ১৮টি মৌলিক সেবা পেতে জন্মসনদ লাগে। ইউপি চেয়ারম্যান বা সংশ্লিষ্টরা এ বিষয়ে আন্তরিক হলেও সার্ভার সমস্যার কারণে
দিনের পর দিন ঘুরেও প্রয়োজন মেটাতে পারছেনা। দীর্ঘদিন ধরেই এ ভোগান্তি চলছে। ঝালকাঠি জেলার অন্য ৩ উপজেলায় সঠিক ভাবে আইডি ও সার্ভার সচল থাকলেও শুধু রাজাপুর উপজেলার সার্ভারে সমস্যা। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে গুরুত্ব না দেয়ায় কার্যকরী কোন ব্যবস্থা হচ্ছে না।
আরিফুর রহমান সিয়াম ও আরাফাত রহমান সায়েম নামে দুই সহোদরের জন্মনিবন্ধন সনদে ভুল থাকার কারণে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদ থেকে যথাযথ প্রক্রিয়া শেষ করে অনলাইন সংশোধন কপি বের করা হয়। পরিষদ থেকে আন্তরিকভাবে সেবা দেয়া হলেও সেই কপি নিয়ে উপজেলায় জমা দিতে গিয়েই বাধে বিপত্তি। জানানো হয়, জমা দিয়ে সার্ভারে সমস্যার কারণে কাজ করতে পারছি না। কবে এই সমস্যার সমাধান হবে তাও জানি না। কয়েকদিন ঘুরেও এর সমাধান পায়নি সিয়াম-সায়েমের অভিভাবক। এভাবে শতাধিক জন্মনিবন্ধন সনদের কাগজ পড়ে থাকলেও পরবর্তি পদক্ষেপে কোন অগ্রগতি নেই ।
জানা যায়, ২০০৪ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করাতে হবে। পাশাপাশি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যুসনদ সংগ্রহের কথা বলা হয়। শুরুতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন হাতে লেখা জন্মনিবন্ধন সরবরাহ করত। ২০০৬ সালে অনলাইন জন্মনিবন্ধন সনদ ইস্যু
করা শুরু হয়। ২০১১ সালের নভেম্বরে জন্ম-মৃত্যু নিবন্ধনের নতুন ওয়েবসাইট ও সার্ভার চালু করা হয়, যার কার্যক্রম হয় ২০১২ সালের ১ জানুয়ারি থেকে। এরপর অনেকেই পুরোনো জন্ম নিবন্ধন সনদ নতুন ওয়েবসাইটে যুক্ত করে নিয়েছেন। পাশাপাশি কিছু ইউনিয়ন পরিষদ আগের হাতে লেখা সনদের তথ্য ওয়েবসাইটে
হালনাগাদ করে। তবে বেশির ভাগ হালনাগাদ করা হয়নি। ২০১২ সালে চালু হওয়া ওয়েবসাইটটি ২০২০ সাল পর্যন্ত চালু ছিল। ২০২১ সালের জানুয়ারি থেকে ফের নতুন ওয়েবসাইট চালু হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে অনেকে অভিযোগ করেছেন, তারা আগে জন্মনিবন্ধন করলেও সে তথ্য বা জন্মনিবন্ধনের তথ্য ওয়েবসাইটে
দেখা যাচ্ছে না। ফলে অনেকে শিক্ষার্থীদের স্কুলে স্কুলে বিভিন্ন নিবন্ধন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন। আবার অনেকের ওয়েবসাইটে উঠলেও সেটিতে অসংখ্য বানান ভুল রয়েছে।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন, সার্ভারের গতি যদি ঠিক থাকে তাহলে সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণে মাঝে-মধ্যে দেরি হয়। বেশ কয়েকদিন ধরে সার্ভারে সমস্যার কারণে জন্মনিবন্ধন সনদ সম্পাদন করা যাচ্ছে না। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রæত সমাধানের চেষ্টা করছি। সার্ভার স্বাভাবিক না হলেও অন্য কোন উপায় সংশোধন করা যাবে না বলেও জানান তিনি।
এব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (উপপরিচালক, স্থানীয় সরকার শাখা) জুয়েল রানা জানান, রাজাপুরের জন্মনিবন্ধন সংশোধনে সার্ভার সমস্যার কারণে সমস্যা হচ্ছে তা জানতে পেরেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছি। আশা করি দ্রæতই সমস্যার সমাধান হবে। নতুন জন্মনিবন্ধন সনদ কার্যক্রম
স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।




