জাতীয়শিরোনাম

রাজশাহী থেকে সব ট্রেনের যাত্রা বাতিল

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি তেলবাহী ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় ওই জেলার সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাতিল করা হয়েছে সব ট্রেনের যাত্রা। রাত থেকে দুর্ঘটনা কবলিত ট্রেনটির বগি উদ্ধারে কাজ চলছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় দিগলকান্দি এলাকায় লাইনচ্যুত হয় তেলবাহী ট্রেনের ৮টি বগি। এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজশাহী থেকে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে জানিয়ে রাজশাহী রেল স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এসে ট্রেনটির আটটি বগি লাইচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পাবনার ইশ্বরদী জংশন থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল বলে তিনি জানান।
জাহিদুল আরও বলেন, রাজশাহী থেকে রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদেশ্যে ধুমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের টিকিট ফেরত নেয়া হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে।
শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে লাইচ্যুত বগি উদ্ধার করা শুরু হয়েছে। তবে বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বগি উদ্ধার করে লাইন মেরামত করতে অন্তত ১২ ঘন্টা সময় লেগে যেতে পারে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button