রাজনীতিশিরোনাম

রাজবন্দিদের মুক্তি না দিলে আন্দোলন: ফখরুল

ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সময় আছে, আপনারা রাজবন্দিদের মুক্তি দিন, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন। অন্যথায় এদেশের জনগণ কোনোদিনও আপনাদের ক্ষমা করবে না।
খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ার করেন তিনি।
শুক্রবার (২৬ জুলাই) কারামুক্ত বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন ।
মির্জা ফখরুল বলেন, আজকে এখানে শপথ নিয়েছি, দেশনেত্রীর মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করব এবং দেশনেত্রীকে মুক্ত করবার জন্যে, আটক নেতা-কর্মীদের মুক্ত করবার জন্যে, তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করবার জন্যে আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি, তবে তাতে সাফল্যের দেখা তারা পায়নি। এ নিয়ে আওয়ামী লীগ নেতাদের কটাক্ষও তাদের বিভিন্ন সময়ে সইতে হয়েছে।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে গত দেড় বছর ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেখে তার চিকিৎসা চলছে।
বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে তাকে ১৮ মাস যাবত আটক করে রাখা হয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ। এই অসুস্থ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না।
আগের মতই বর্তমান সংসদকে অবৈধ আখ্যায়িত করেন বিএনপির এই নেতা।এ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ মহানগরের নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button